প্রশ্ন: অনেকে বলে যে, বিতর সালাতের পর দুই রাকাত নফল সালাত পড়তে হয়, যাকে 'হালকি নফল' বলা হয়। তারা বলে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নাকি বিতর সালাতের পর বসে বসে দুই রাকাত নফল সালাত আদায় করতেন। আমি জানতে চাচ্ছি, এই হাদিসটি কি সহিহ? আমরা কি এর ওপর আমল করতে পারি?
উত্তর:
রাতের সালাতের সাধারণ নিয়ম হলো, বিতরই হবে রাতের সর্বশেষ সালাত। সহিহ বুখারি ও সহিহ মুসলিমে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন:
اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا
"তোমরা বিতরকে রাতের শেষ সালাত বানাও।" [সহিহ বুখারি, হাদিস: ৯৯০; সহিহ মুসলিম, হাদিস: ৭৫১]
তবে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখনো কখনো বিতরের পরেও বসে বসে দুই রাকাত নফল সালাত আদায় করেছেন। তবে এটি তাঁর নিয়মিত অভ্যাস ছিল না।
এ প্রসঙ্গে ইমাম নওয়াবি (রাহ.) বলেন,“বিতর পড়ার পরও যে কেউ চাইলে কিছু নফল সালাত আদায় করতে পারে। এর বৈধতা দেখানোর জন্যই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমনটি করেছিলেন। কিন্তু তাঁর সাধারণ ও নিয়মিত নিয়ম ছিল বিতর পড়ার পর আর কোনো সালাত না পড়া।
একই সঙ্গে, বসে নফল সালাত আদায় করা যে জায়েজ, এই আমলের মাধ্যমে তাও প্রমাণিত হয়। বিতরের পর বসে দুই রাকাত নফল পড়ার এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে।” [সহিহ মুসলিম, হাদিস: ৭৩৮]
সুতরাং স্বাভাবিক নিয়ম হলো বিতরকেই রাতের শেষ সালাত বানানো। তবে কেউ চাইলে মাঝে মাঝে বিতরের পর দুই রাকাত নফল পড়তে পারে, এমনকি বসেও আদায় করতে পারে; কিন্তু এটিকে নিয়মিত অভ্যাসে পরিণত করা ঠিক হবে না।
বিশেষ দ্রষ্টব্য: বিতর নামাজের পর দুই রাকাত নফল পড়লে ১০০ রাকাতের সওয়াব পাওয়া যাবে কিংবা প্রতি রাকাতে সুরা ইখলাস ৩ বার করে পড়তে হবে-ইসলামে এমন নির্দিষ্ট কোনো নিয়মের বা বিশেষ সওয়াবের ভিত্তি নেই।
এ সংক্রান্ত কথাবার্তা ভিত্তিহীন ও মনগড়া।
সাধারণ যেকোনো নফল নামাজের মতোই বিতরের পর দু’রাকাত নফল নামাজ পড়া যায়। তাতে যেকোনো সুরা দিয়েই কিরাত সম্পন্ন করা যাবে। বিশেষ কোনো সওয়াব বা সুরার শর্ত জুড়ে দেওয়া শরিয়তসম্মত নয়।
আল্লাহু আলাম।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ,জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
No comments:
Post a Comment